চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১১:৫৩ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১২:২৭ পিএম
চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে তিনজন নিহত। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাত দেড়টার দিকে বাজারের মোহাম্মদিয়া প্লাজার ব্রাদার্স টেলিকম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. শাহেদ ও মো. রেদোয়ান। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। এ ছাড়া আরও দুই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও লামারবাজার ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনজনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত। মোহাম্মদিয়া প্লাজা ও রিজওয়ান কমপ্লেক্স মার্কেট ভবন দুটি পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মোহাম্মদিয়া প্লাজার ব্রাদার্স টেলিকম থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ পড়ে জানানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগুনে রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটের পাঁচ তলার একটি বাসায় থাকা ব্যক্তিরা বের হতে পারেননি। তারা ধোঁয়ায় অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ ছাড়া আরও দুই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।