মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১০:২৯ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১০:৫৪ এএম
কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে ২ লাখ টাকার ৪ হাজার ৩৮০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ। প্রবা ফটো
কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লাখ টাকার ৪ হাজার ৩৮০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দের অভিযান শুরু হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ২৭টি অবৈধ কারেন্ট জাল ও ৪২টি রিং জাল জব্দ করে রাহেলা গ্রামের বিলের পাশে খোলা জায়গায় রাখা হয়। দুপুর ২টার দিকে মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে এ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পণ্ডিত বলেন, ‘২ লাখ টাকার কারেন্ট জাল ও রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’