পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৮:২৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ২০:১৮ পিএম
প্রতীকী ছবি
পাবনার সুজানগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ছয় দিন পর আওয়ামী লীগ কর্মী মোজাহার বিশ্বাস মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোজাহার বিশ্বাস সুজানগরের রানীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানায়, ২১ জুন রানীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলামিন মিয়া নামে শাহীনের এক সমর্থক নিহত হন। এ ঘটনার জেরে ওই এলাকার বেশকিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ ওহাবের কয়েকজন সমর্থক আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, ‘আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছে সেও আমার কর্মী, তারা আওয়ামী লীগের কর্মী। আমি উভয় হত্যার বিচার চাই। যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘যেদিন যুবলীগ নেতা আল আমিন হত্যা হয়, সেদিন নিহতদের লোকজন মোজাহার বিশ্বাসের অবস্থান জানতে পেরে তাকে মারধর করে। এতে তিনি আহত হয়েছিলেন। হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক, তার বিচার হওয়া উচিত। এখানে আমার লোক, অমুকের লোক বলে কোনো কথা নেই।’
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘মোজাহার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই ময়নাতদন্তের হবে। মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’