এমপি আনার হত্যা
ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৮:০০ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৮:৩৭ পিএম
এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে ডিবির অভিযান। প্রবা ফটো
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে প্রথম দিনের অভিযান শেষ করেছে ডিবি পুলিশ।
ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বুধবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষ হলেও প্রাথমিকভাবে কোনো আলামত উদ্ধার হয়নি বলে জানা গেছে।
উদ্ধার অভিযান পরিদর্শনে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
এর আগে সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তাকে সঙ্গে নিয়ে শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। পরে শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালান তারা। সেখানে অভিযানের একপর্যায়ে ডিবিপ্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, এ হত্যা মামলায় মোট সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ৫ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ডিএমপির ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযম, ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসানসহ পুলিশের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।