ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২৩:০১ পিএম
ময়মনসিংহের নান্দাইলে পাঁচ মাসের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে গ্রাহকের ধারালো দা দিয়ে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারীকে দৌড়ানির অভিযোগ উঠেছে। গত সোমবার নান্দাইল পৌরসভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।
নান্দাইল জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকিরের গত পাঁচ মাস বিদ্যুৎ ব্যবহারের বিল ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমে। সোমবার বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে তাদেরকে বিল দেবে না বলে জানান। পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুজনকে দৌড়ানি দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন।
নান্দাইল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার বলেন, গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বকেয়া বিদ্যুৎ বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দেবে না লাইনও কাটতে দেবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। অফিসে এসেও অসৌজন্যমূলক আচরণ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।