নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ২১:১৮ পিএম
মারা যাওয়া কালোমুখো হনুমান। প্রবা ফটো
নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে বিলুপ্তপ্রায় একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসঙ্গে পৌর এলাকার দক্ষিণ নড়াইল গ্রামে বসবাস করে আসছিল। মঙ্গলবার সকাল ৬টার দিকে চিত্রশিল্পী মোহাম্মদ ছাকির বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই হনুমানটি মারা যায়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চিত্রশিল্পী মোহাম্মদ ছাকি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকাল ৬টার দিকে আমার বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই হনুমানটি মারা যায়।
বিদ্যুৎস্পর্শে হনুমানের মৃত্যু এ খবর পেয়ে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান।
নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল বলেন, এ বিষয়টি খুলনা বন্য প্রাণি অধিদপ্তরকে জানিয়েছি। হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।