গোপালগঞ্জ ও প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৯:৩২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ২০:৩৪ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রবা ফটো
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেন।
আইএসপিআর জানায়, এ সময় তিনি জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ ছাড়াও সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন।
প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ প্রতিবেদক জানায়, এ সময় সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল জুবায়ের সালেহীন, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।