রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ২০:২১ পিএম
মায়ের সঙ্গে খালেদ মাসুদ পাইলট। প্রবা ফটো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খালেদ মাসুদ পাইলট নিজ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তার মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এতে তিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
৭২ বছর বয়সি নার্গিস আরা বেগম বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। তিন ছেলে-মেয়ে নিয়ে তিনি রাজশাহী নগরীতেই থাকতেন।
পাইলটের পরিবারের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার বাদ এশা নগরীর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে লাশ দাফন করা হবে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, নার্গিস আরা বেগমের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, হৃদরোগ, কিডনি, থাইরয়েড ও শরীরে লবণের সংকটসহ বার্ধক্যজনীত নানা রোগে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পাইলটের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।