বগুড়া অফিস
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৮:২০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ১৮:৩৭ পিএম
আসামি শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু। ফাইল ফটো
ঈদের রাতে বগুড়া শহরে দুই যুবককে হত্যা মামলার প্রধান আসামি শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বাসা থেকে ৩৬ রাউন্ড গুলিসহ লাইসেন্স করা একটি পিস্তল জব্দ করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাত সোয়া ২টার দিকে এসব গুলি ও পিস্তল জব্দ করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুসহ চার আসামিকে চার দিন করে রিমান্ডে পাঠান আদালত। জিজ্ঞাসাবাদে মিঠু তার বাসায় লাইসেন্স করা একটি এনপিবি পিস্তল রয়েছে বলে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতেই তার বাসায় অভিযান চালিয়ে পিস্তল জব্দ করা হয়। এ সময় ৩৬ রাউন্ড গুলিও পাওয়া যায়।
তদন্ত কর্মকর্তা বলেন, জোড়া খুনের ঘটনার রাতে গুলির ঘটনা ঘটে এবং সেই গুলিতে একজন আহত হয়। এ ছাড়া দুই রাউন্ড গুলির খোসাও ঘটনাস্থলে পাওয়া যায়। ওই দুই গুলির খোসা এই লাইসেন্স করা পিস্তল থেকে ফায়ার হয়েছে কি না সেটির ব্যালাস্টিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
গত ১৭ জুন রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন ও শরিফ শেখ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন নিহত শরিফ শেখের মা মোছা. হেনা বেগম।
মামলায় বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার ভাই ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু), ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।
মামলায় এখন পর্যন্ত মিঠু ছাড়াও শেখ সৌরভ, নাঈম হোসেন ও আজবিন রিফাত নামে আরও তিন আসামি গ্রেপ্তার হয়েছেন।