গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৬:৫১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ১৬:৫৪ পিএম
প্রতীকী ছবি।
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের ছাদে বসে ঢাকার উদ্দেশে রওনা দেন। কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে পৌঁছালে রেল লাইনের ওপর দিয়ে টানানো তারে ধাক্কা লেগে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন এবং মাসুদ মিয়া ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। নূরুন্নবী, মাসুদ চিকিৎসাধীন।
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়েছে।