দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ২২:৩৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ২২:৪৬ পিএম
দিনাজপুরের খানসামায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক মন্তব্যের জেরে এক যুবককে আটক করেছে পুলিশ। ঈদুল আজহা নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রশান্ত রায় ওরফে গনেশ রায়কে গত রবিবার সন্ধ্যায় আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।
স্থানীয়রা জানায়, গত ১৭ জুন খানসামা উপজেলার পাকেরহাটে মোবাইল মেকানিক প্রশান্ত রায় তার নিজের ফেসবুক আইডিতে কোরবানি বিষয়ক একটি নেতিবাচক স্ট্যাটাস দেন। বিষয়টি ভাইরাল হওয়ায় উপজেলাজুড়ে প্রতিবাদ ও তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অনেকে। পরবর্তী সময়ে অভিযুক্ত প্রশান্ত পোস্টটি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি ভিডিও পোস্ট করেন।
এ ঘটনায় গত রবিবার বিকালে প্রশান্তকে গ্রেপ্তারের দাবিতে উপজেলার পাকেরহাটের শাপলা চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে স্থানীয়রা।
এ বিষয়ে ওসি মোজাহারুল ইসলাম আরও জানান, ফেসবুকে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হবে। ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক পোস্ট দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।