বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৭:২২ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৮:১১ পিএম
বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে প্রশাসন। বুধবার (১৬ নভেম্বর) বিকালে জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। বুধবার পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে আগামী ২০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।
এ ছাড়া রুমা-রোয়াংছড়ি ব্যতীত অন্যান্য উপজেলায় ভ্রমণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।