মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৮:৫৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১৯:১৮ পিএম
প্রতীকী ছবি।
মৌলভীবাজারে বরাক নদের ওপরে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে নদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত আজিজুল মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মুহিবুর রহমানের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুলের চাচা মো. জাভেদ মিয়া জানান, সোমবার সকাল ৯টার দিকে আজিজুল তার বড় ভাই আব্দুর রহমানের সঙ্গে বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিল। পথে বরাক নদে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায়।
তিনি জানান, স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরে সিলেট থেকে ডুবুরি এসে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের দলনেতা প্রীতিশ কুমার দাশ বলেন, ‘শিশু আজিজুল বরাক নদে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু আজিজুলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’