× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-কক্সবাজার রুটের একমাত্র ট্রেনটি বন্ধ হলে রেললাইন অচলের হুঁশিয়ারি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৮:৫৬ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ১৯:২৯ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার রুটের একমাত্র ট্রেনটি বন্ধ হলে রেললাইন অচলের হুঁশিয়ারি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী একমাত্র স্পেশাল ট্রেনটি বন্ধ করা হলে কক্সবাজারগামী সব ট্রেন অচল করে দেওয়ার হুঁশিয়ারি এসেছে। রবিবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বলেন, ‘কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস নামের দুটি ট্রেন ঢাকা থেকে কক্সবাজার চলাচল করছে। যার ফলে মানুষ তার গন্তব্যে নিরাপদে ও নির্ভয়ে যাওয়া-আসা করছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুবিধা হয়েছে। তবে দুঃখের বিষয়, একটি ট্রেন বহু অনুরোধে বিশেষ ট্রেন হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার লাইনে চলাচল করছিল। এখন সেটা বন্ধ করার পাঁয়তারা করা হচ্ছে। এর আগেও একবার বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। আগামী ২৪ জুন থেকে ট্রেনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে টিকিট বিক্রয়ও বন্ধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে নিজ স্বার্থ হাসিলে কাজ করছে, তারা বিভিন্ন প্রাইভেট পরিবহন সংস্থার সঙ্গে আঁতাত করে এডিবির সাড়ে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পকে অলাভজনক ও অকার্যকর করার কাজে মেতে উঠেছে। চট্টগ্রাম থেকে ট্রেন বন্ধ করা হলে কক্সবাজারগামী কোনো ট্রেন ওখানে যেতে দেওয়া হবে না।’

মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান বলেন, ‘কক্সবাজারে ট্রেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। সেটা তার মেয়ে শেখ হাসিনা পূরণ করেছেন। রেলে কিছু মানুষ আছে, যারা এ প্রকল্পকে বন্ধ করে দিতে চায়। কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থের জন্য এটা করছে। সাংবাদিকসহ সবাই মিলে রেলওয়ে ভবন গিয়ে স্মারকলিপি দিতে পারে। যদি এ ট্রেন বন্ধ হয় আমরা রেললাইনে গিয়ে বসব।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা বলেন, ‘বিশ্বের বেশিরভাগ দেশে যাতায়াতের প্রধান মাধ্যম ট্রেন। কক্সবাজার রেললাইনের প্রকল্প বেশ ব্যয়বহুল। যদি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন বন্ধ হয়ে যায়, তাহলে রেল কর্তৃপক্ষ আয় থেকে বঞ্চিত হবে। আয় না হলে ঋণের সুদ কীভাবে দেবে?’

সংবাদ সম্মেলন থেকে সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ কে এম সারয়ার কামাল, স্থপতি আশিক ইমরান, নাগরিক ফোরামের মহাসচিব মো. ইদ্রিস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা