× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলি হয়ে থানার আসবাবপত্র নিয়ে গেলেন ওসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৭:০৩ পিএম

ওসি মিন্টু রহমান। ছবি : সংগৃহীত

ওসি মিন্টু রহমান। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে বদলি হয়ে ওসি মিন্টু রহমান দামি আসবাবপত্র ও টেলিভিশন নিয়ে গেছেন। থানা ছেড়ে যাওয়ার সময় নিজ কক্ষে ব্যবহৃত ১০টি চেয়ার, একটি ফাইল কেবিনেট ও ৫৬ ইঞ্চির একটি এলইডি টিভি নিয়ে যান তিনি। ওইসব জিনিসপত্র তারই কেনা, তাই তিনি নিয়ে গেছেন বলে তার দাবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর জেলারই নাচোল থানা থেকে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় যোগদান করেন ওসি মিন্টু রহমান। এখানে এসে তিনি চাকচিক্য, সাজানো-গোছানো মনোরম পরিবেশের একটি কক্ষ পান। এর আগের ওসি মো. সাজ্জাদ হোসেন ওই কক্ষের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করিয়েছিলেন। পুলিশের এক সংক্ষিপ্ত আদেশে সিলেট রেঞ্জে বদলি করা হয় মিন্টু রহমানকে। চলে যাওয়ার সময় থানার ওসির কক্ষের ৫৬ ইঞ্চির একটি এলইডি টিভি, অভিজাত ব্র্যান্ড ব্রাদার্স ফার্নিচারের ১০টি ভিজিটরস চেয়ার ও একটি কেবিনেট নিয়ে যান তিনি।

সদর থানার কয়েকজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, থানায় আগতদের বসার জন্য এক ব্যবসায়ী ব্রাদার্স ফার্নিচারের ১০টি চেয়ার দিয়েছিলেন। একইভাবে এলইডি টিভিটিও দিয়েছেন আরেক ব্যবসায়ী। কিন্তু সিলেটে যাওয়ার আগে ওসি মিন্টু রহমান এসব জিনিসপত্র সঙ্গে নিয়ে যান। ওসির ঘরে লাগানো একটি এসি খুলে সঙ্গে নিতে চেয়েছিলেন। কিন্তু ওই এসির গায়ে দাতা প্রতিষ্ঠান রনি কম্পিউটার্সের নাম লেখা থাকার কারণে সেটা নেননি ওসি মিন্টু।

মিন্টু রহমানের বিরুদ্ধে থানায় ব্যবহৃত দামি জিনিস খুলে সঙ্গে নেওয়ার অভিযোগ অনেক আগের। নাচোল থানা থেকে বদলি হয়ে আসার সময় সেখানে ব্যবহৃত দামি পর্দাসহ এসি খুলে নিয়ে এসেছিলেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, নাচোল থানার ওই এসিও উপজেলার একজন ব্যবসায়ী দিয়েছিলেন। 

চেয়ার, ফাইল কেবিনেট ও টিভি খুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন ওসি মিন্টু রহমান। তিনি বলেছেন, ওইসব জিনিসপত্র আমারই কেনা ছিল। তাই আমি খুলে নিয়ে এসেছি। এমনিতেই আমি খুব ক্ষতিগ্রস্ত। না হলে জিনিসপত্র রেখে আসতাম। খুলে নিয়ে যাওয়া জিনিসপত্রগুলো বিভিন্নজন অনুদান হিসেবে দেওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যান ওসি মিন্টু। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মেহেদি হাসান বলেন, থানায় যোগদানের পর সরকারি চেয়ার-টেবিল পেয়েছি। এর বেশি কিছু বলতে পারব না। 

জানতে চাইলে এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, থানায় সরকারিভাবে টিভি-এসি দেওয়া হয় না। এগুলো ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন ওসিরা। কেউ নিয়ে গেলে কিছু বলার থাকে না। তবে সদর থানার চেয়ার, ফাইল কেবিনেট ও টিভি খুলে নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ তাকে বা পুলিশ সুপারকে অবহিত করেননি বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা