সিলেট অফিস
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৪:০৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪ ১৪:০৭ পিএম
শনিবার সিলেট নগরীর বিভিন্ন ছড়া (খাল) একসঙ্গে পরিদর্শন করেন সিসিকের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রবা ফটো
বন্যার পানি ও জলাবদ্ধতা থেকে সিলেট নগরীকে রক্ষা করতে একসঙ্গে মাঠে নামলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার (২২ জুন) একসঙ্গে নগরীর বিভিন্ন ছড়া (খাল) পরিদর্শন করেন তারা। বেলা ৩টায় তারা দুজন নগরীর স্টেডিয়াম এলাকার মাদার কেয়ার হাসপাতালের পাশের বৈটাখাল ছড়া পরিদর্শন করেন। এ সময় ছড়ায় পানিপ্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের সিসিকের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নগরীর ভেতর ২৩টি ছড়া আছে, ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করব। নগরীর সমস্ত ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করব এবং নদীটি খনন করা হবে। শুধু সিটি করপোরেশন এলাকায় খনন করলেই হবে না। উৎপত্তিস্থল থেকে খননকাজ শুরু করতে হবে।’
মেয়র আনোয়ারুজ্জামান আরও বলেন, ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও’ এই স্লোগান সামনে নিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সিলেটের স্বার্থে আমরা দল-মত নির্বিশেষে সবাই একমত। নগরীর মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছুসংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, সেটা আমরা মেনে নেব না।
যারা ছড়া দখল করে বসে আছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। ছড়া উদ্ধারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আন্তরিকতার সঙ্গে আমাকে সহযোগিতা করছেন সাবেক মেয়র। তার ১০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কাজ করব এবং তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, সেগুলোও আমাকে অবহিত করছেন।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বহু বছর ধরে আমরা দেখছি নগরীর মানুষ পানিবন্দি হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায়। এটি আর দেখতে চাই না। তবে এটির জন্য একা সিটি করপোরেশন দায়ী নয়। যেসব ছড়া, খাল কিছু ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানের দখলে রয়েছে, তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন, তাহলে তাদের স্বাগত জানাব। অন্যথায় বর্তমান মেয়র তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে তুলনা করলে সিলেট অনেক পিছিয়ে রয়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস, বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যে এই নেতৃত্ব গুণ আছে। তিনি দায়িত্ব নিয়ে সিলেটের উন্নয়ন করতে পারবেন। সিলেট সিটির মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করলে মূল উৎপত্তিস্থল থেকে নগরীর ছড়া সরকারিভাবে খননসহ শহররক্ষা বেড়িবাঁধ করা যায়, তাহলে এর লাঘব হবে। কালক্ষেপণ না করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে।’
গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। আর দলীয় সিদ্ধান্ত মেনে ওই নির্বাচনে অংশ নেননি সিলেট সিটির টানা দুইবারের মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।