পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৭:১৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৭:৩৬ পিএম
পঞ্চগড়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রবা ফটো
পঞ্চগড়ের তরুণ-তরুণীদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া অঙ্গনে এ জেলার নাম উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
শনিবার (২২ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশার কথা শোনান। জেলার শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়’ ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশের স্মার্ট সংগঠন এবং ন্যায়ের পথের নিরলস যাত্রী ছাত্রলীগ। সারা দেশকে এগিয়ে নিতে আমাদের সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ক্রীড়া অঙ্গনকে এগিয়ে যাওয়া পঞ্চগড়কে আরও এগিয়ে নিতে তারুণ্য গড়বে পঞ্চগড় কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের প্রিয় পঞ্চগড়ের তরুণ-তরুণীরা ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলায় এগিয়ে গেছে। সারা বিশ্বে লাল-সবুজের পতাকা ও জার্সি তুলে ধরেছে। তাদের এই যাত্রার সঙ্গে পঞ্চগড়ের নতুন প্রজন্ম ও তরুণ-তরুণীদের একত্রিত করতে ক্রীড়াসামগ্রী বিতরণ করব আমরা। ফুটবল খেলার বিস্তার ঘটাতে তারুণ্য গড়বে পঞ্চগড়ের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ফুটবল বিতরণ করা হবে। আমি বিশ্বাস করি– ক্রীড়া জগতে পঞ্চগড়ের নাম আরও উজ্জ্বল হবে।’