বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ২১:০৫ পিএম
শনিবার আমতলীতে সেতু ভেঙ্গে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়। প্রবা ফটো
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে গেছে। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। উদ্ধার কাজ চলমান।
শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে হলদিয়া হাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের
ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে
পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে
পারেনি। এখন পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ জনের
মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।