লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:০৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৬:২৩ পিএম
লোহাগাড়ায় রাসেলস ভাইপার ভেবে বার্মিস গোলবাহার প্রজাতির অজগর সাপকে মেরে ফেলা হয়। প্রবা ফটো
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এবং বড়হাতিয়া ইউনিয়নে রাসেলস ভাইপার ভেবে বার্মিস গোলবাহার প্রজাতির দুই অজগর সাপকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।
শনিবার (২২ জুন) দুপুর ১২টায় বড়হাতিয়া ইউনিয়নের ঘুনারমোড় এলাকায় এবং শুক্রবার (২১ জুন) রাতে চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাপ দেখার পরে রাসেলস ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। দুই সাপের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমন ঘটনা ঘটছে।
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, পিটিয়ে মারা সাপ দুটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে। বন বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানোর বিষয়ে ভাবা হচ্ছে। সেই সঙ্গে লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগে খবর দেওয়ার অনুরোধ করেন তিনি।