শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ০০:০৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১১:০৮ এএম
শিবচরে ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। প্রবা ফটো
মাদারীপুরের শিবচর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। শুক্রবার (২১ জুন) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সভায় চিফ হুইপ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ও সংগঠনের খোঁজখবর নেন। বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘১৯৯১ সালে আমার আব্বার (সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী) মৃত্যুর পর প্রথম জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আমার বক্তব্য লিখে দেন। বহু ষড়যন্ত্র হয়েছিল আমাকে পরাজিত করতে। এরপর যখন কাজ শুরু করি তখন বাড়ি থেকে শিবচর আসতেও দড়িটানা ফেরি পার হতে হতো। এক গ্রাম থেকে আরেক গ্রাম নৌকা বা ট্রলারে যেতে হতো। ১৯৯৮ সালের বন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরের জন্য হেলিকপ্টারে ওষুধ ও খাবার পাঠান। সে সময় খাবার নামানোর জায়গাও ছিল না। আমরা জাহাজে খাবার এনে চেয়ারম্যানদের দিয়ে ট্রলারে করে পাঠাতাম। নেত্রী (শেখ হাসিনা) শিবচরের জন্য দুই হাত খুলে দিয়েছেন। যার জন্য শিবচরের ব্যাপক উন্নয়ন হয়েছে, আজকের এ পর্যায়ে পৌঁছেছে।
তিনি আরও বলেন, প্রথম যখন নির্বাচিত হই তখন একজনমাত্র চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার সাহেব আওয়ামী লীগের ছিলেন, বাকিরা অন্য দল করত। ১৯৯১, ১৯৯৬ সালের প্রতিকূল নির্বাচনের পর জামায়াতের সেক্রেটারি মুজাহিদকে পাঠানো হয় গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। কিন্তু আমাদের সংগঠন শক্তিশালী হওয়ায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়েছে। দলের ভেতরে অনেক নেতাও অনেকবার ষড়যন্ত্র করেছেন। এখনও করছেন। এটা রাজনীতিতে হয়েই থাকে। তাই ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমার শক্তি, আমার প্রেরণা শিবচরের জনগণ। আমার শক্তি আমার দল। কে ষড়যন্ত্র করল-না করল তাতে কিছু যায় আসে না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ মাদবরের সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সেলিম, সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।