রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪ ২০:২৯ পিএম
কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার নির্বাচনী প্রচারণায় রংধনু গ্রুপের পরিচালক আলহাজ মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রবা ফটো
২৬ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা। পছন্দের প্রার্থীকে জেতাতে চলছে ব্যাপক গণসংযোগ। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দেওয়ান আবুল বাদশা (মোবাইল প্রতীক)। তার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ভোটাররা।
শুক্রবার (২১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, বিরাব, তারইল, রানীপুরা, কলাতলী, কালাদী, হাটাবো, চরপাড়া, দিঘুলিয়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।
ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন, পিইএপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএ আব্দুস সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, রংধনু গ্রুপের পরিচালক আলহাজ মিজানুর রহমান, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, আওয়ামী লীগ নেতা হাজী এমায়েত হোসেন, মিলন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আবুল বাশার বাদশা কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুই-দুইবার চেয়ারম্যান ছিলেন। পরে পৌরসভা হওয়ার পরে আরও একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে নিরীহ ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাদশা দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি। তিনি কারও জমি বালু ভরাট ও দখল করেননি। এবারের নির্বাচনে আমরা সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটের বিনিময়ে আবুল বাশার বাদশাকে বিজয়ী করব ইনশাল্লাহ।
এদিকে দুপুর থেকে প্রতিটি পাড়া-মহল্লা থেকে স্থানীয় ভোটাররা দলবেঁধে মোবাইল প্রতীকে আবুল বাশার বাদশার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিছিল ও প্রচারণা চালান। গণসংযোগ ও প্রচারণায় মানুষের ঢল নামে।