× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাল আত্মসাতের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৪:৫৫ পিএম

ইউপি চেয়াম্যান আবুল কালাম আজাদ। প্রবা ফটো

ইউপি চেয়াম্যান আবুল কালাম আজাদ। প্রবা ফটো

ভিজিএফের চাল আত্মসাতসহ ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই নেতার নাম আবুল কালাম আজাদ ওরফে তারু। তিনি মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টিসিবি, ভিজিএফ ও বয়স্ক ভাতা কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম করে আসছেন। এরই মধ্যে গত ১৫ জুন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন চাল বিতরণে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন। ঘটনায় জড়িত থাকায় আসামি করা হয়েছে গ্রাম পুলিশের সদস্য সোহাগ মিয়াকেও।

বৃহস্পতিবার (২০ জুন) বিষয়টি জানাজানি হয়। এরপর প্রতিদিনের বাংলাদেশকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি জানান, চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এজাহারে উল্লেখ করা হয়, মাইজখাপন ইউনিয়নে ৪ হাজার ৪৪৭ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ৪৪ হাজার ৪৭০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ১৪ জুন সকাল ৯টা থেকে ১৫ জুন বিকাল ৫টা পর্যন্ত ২ হাজার ১৬৫ জনের মধ্যে ২১ হাজার ৬৫০ কেজি চাল বিতরণ করা হয়। ১৬ জুন সকালে চেয়ারম্যান ও তার লোকজন অবশিষ্ট ২২ হাজার ৮২০ কেজি চাল থেকে ১ হাজার ৮২০ কেজি চাল সরিয়ে ফেলে। 

এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করে দ্রুত চেয়ারম্যান ও তার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

মাইজখাপন ইউনিয়ন পরিষদের নারী সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার বলেন, ‘একটি ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্যরা যদি ১০টি কার্ড পায়, আমরা তিনটি ওয়ার্ডে ৩০টি কার্ড পাওয়ার কথা। আমাদের এভাবে সমবণ্টন কখনও দেওয়া হয়নি। আমরা আড়াই বছর ধরে এভাবে ঠকে যাচ্ছি। বর্তমান চেয়ারম্যান বিভিন্ন সময় টিসিবি ও ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের কারণে অভিযুক্ত হয়েছে। তারপরও চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখেনি।’

নারী ইউপি সদস্য মোছা. ময়নার অভিযোগ করে বলেন, আবুল কালাম আজাদ বিভিন্ন সময় নারী ইউপি সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। হুমকি দেন। আমাদের আগেও তো অনেক মহিলা ইউপি সদস্য হয়েছে। তাহলে আমাদের কেন এভাবে গালাগাল করা হয়। আমাদেরকে উপজেলা পরিষদে নিয়ে গিয়ে শায়েস্তা করা হবে এমন হুমকি দিয়েছেন চেয়ারম্যান। তার নাকি অনেক ক্ষমতা। 

তিনি বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার অনেক ক্ষমতা, আমার উপরে বড় নেতাদের ছায়া আছে। আমার কিছু করতে পারবেন না। তাই আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

ভিজিএফ চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চাল পাচারের বিষয়টি স্থানীয় এক নারী ইউপি আমাকে জানায়। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি আত্মসাতের কথা জানেন বলে জানান। এবং তার নির্দেশে এমনটা হয়েছে বলেও স্বীকার করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে সরেজমিনে গিয়ে গোডাউনে চালের মজুদ কম দেখে পরবর্তীতে পুলিশে খবর দেই। পরে থানায় মামলা করি।

এর আগেও গত বছরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা