জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১০:২৩ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ১১:১০ এএম
শাকিউল ইসলাম ও তারাডা বার্লিয়েম। ফটো
দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর জয়পুরহাটের ক্ষেতলালে বউ হয়ে এসেছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। মঙ্গলবার (১৮ জুন) বিকালে দেশে আসেন নবদম্পতি।
১০ জুন ইন্দোনেশিয়ায় সেখানকার রীতি মেনে তারা বিয়ে করেন।
বরের নাম শাকিউল ইসলাম (২৯)। তিনি ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। আর তরুণীর নাম তারাডা বার্লিয়েম মেগানেন্দা (২৭)। তার বাবার নাম লাসিমিন। ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন তারাডা বার্লিয়েম।
শাকিউলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে প্রায় পাঁচ বছর ধরে ঢাকায় থাকতেন শাকিউল। সেখানে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন। ঢাকায় থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের ‘স্পিকিং টোয়েন্টিফোর’ নামে একটি অনলাইন সাইটের মাধ্যমে শাকিউল ও তারাডা বার্লিয়েমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের প্রেম চলে। দুই মাস আগে শাকিউল ইসলাম ইন্দোনেশিয়ায় যান। ১০ জুন ওই দেশের আইন ও রীতি মেনে সেখানে তাদের বিয়ে হয়।
এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকালে নবদম্পতি কুসুমশহর গ্রামের বাড়ি আসেন। সেখানে তাদের দেখার জন্য এলাকার উৎসুক মানুষ ভিড় জমায়। বৃহস্পতিবার (২০ জুন) এখানে তাদের বউভাত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শাকিউল ইসলাম বলেন, ‘ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের স্পিকিং টোয়েন্টিফোর অনলাইন সাইটের মাধ্যমে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক। আমি তার দেশে গিয়ে ওই দেশের আইন ও রীতি মেনে পারিবারিকভাবে বিয়ে করেছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে ছোট করে বউভাতের আয়োজন করব।’
শাকিউলের প্রতিবেশী চাচা ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবলু বলেন, ‘ভাতিজার সঙ্গে বউমা তারাডার সম্পর্ক ছিল। এরপর শাকিউল ওই দেশে গিয়ে বিয়ে করে এবং নতুন বউ বাড়ি নিয়ে এসেছে। গ্রামের লোকজন-আত্মীয়রা সবাই ইন্দোনেশিয়ার মেয়েটিকে দেখতে যাচ্ছে। আমরা খুশি হয়েছি। তারা দাম্পত্য জীবনে সুখী হোক এই দোয়া করি।’