টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৬:০৭ পিএম
রাত পোহালে ঈদ। ঈদযাত্রার শেষ দিনে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কোনো যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি চালক ও যাত্রীরা।
রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা যায়।
এর আগে অতিরিক্ত গাড়ির চাপ ও রাতে টোল আদায় বন্ধ থাকায় ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে কালিহাতী উপজেলার আনালিয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাবনাগামী যাত্রী শুভ মিয়া বলেন, আগে এই মহাসড়কে যানজট লেগেই থাকত। বর্তমানে যানজট ছাড়াই এত সহজে বাড়ি আসতে পারব কখনও চিন্তা করিনি।
বাসচালক জমির খান বলেন, মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু কোনো যানজট নেই। তবে গাড়ির চাপ আছে। যানজট না হওয়াতে কোনো প্রকার ভোগান্তি হয়নি। স্বস্তিতে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।