চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২২:৩৩ পিএম
চট্টগ্রাম নগরীর খুলশীতে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা পাঁচটি সরকারি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাড়ি উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই ৫টি বাড়ি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়। উদ্বারকৃত ৫ বাড়ির জায়গার পরিমাণ ছিল ১২৮ শতক। উদ্ধার করে গণপূর্তের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযানে গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়া উপস্থিত ছিলেন।