রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৭:৩১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪ ১৮:০৯ পিএম
রাজশাহীতে ২৪ জুয়াড়িকে আটক করে র্যাব-৫। প্রবা ফটো
রাজশাহী নগরীতে জুয়ার জন্য পরিচালিত ভাড়া করা ঘর থেকে ২৪ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) র্যাব-৫ এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর কাঁচা বাজারে অবস্থিত (বাসা নম্বর-৪৪৫) মুর্শিদ কামাল রানার একটি ঘর ভাড়া নেন আলী হাসান তুষার। তিনি ওই ঘরটি জুয়া খেলানোর জন্য ভাড়া নেন এবং দীর্ঘ দিন থেকে সেখানে তিনি জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন। বিষয়টি জানার পর শুক্রবার রাতে র্যাব-৫-এর একটি টিম ওই ঘরে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্য থেকে ২৪ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকা, ল্যাপটন এবং তাসের একাধিক সেট উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে সেখানে তারা জুয়া খেলছিলেন। পরে আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা হয়।