চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২২:০৬ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর পূর্ব পরিচিত এক নারী নিজেকে তার স্ত্রী দাবি করছেন। স্ত্রীর মর্যাদা আদায়ের জন্য তিনি বিভিন্ন নম্বর থেকে হাসনীকে মোবাইলকে ফোন করছেন। বিষয়টিকে ভিত্তিহীন ও কুৎসা রটনা দাবি করে কোতোয়ালী থানায় গত ৮ নভেম্বর সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর হাসনী। এই কাউন্সিলর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কাউন্সিলর হাসনী জিডি করেছেন। এটি তদন্তের জন্য উপ-পরিদর্শক বাবলু কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের বিষয়ে আদালতের অনুমতি প্রয়োজন হয়। অনুমতি পাওয়া গেলে তদন্ত শুরু হবে।’
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় করা সাধারণ ডায়েরিতে হাসনী উল্লেখ করেন, ‘ফারজানা বেগম নামের এক নারী আমাকে তার স্বামী দাবি করে কুৎসা রটনা করছে, যা আমার জন্য খুব স্পর্শকাতর ও মর্যাদা হানিকর।’
হাসান মাহমুদ হাসনী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেয়েটা আমার পূর্ব পরিচিত। সে কমপক্ষে ৫০০ নম্বর থেকে আমাকে ফোন করছে। আমি সব নম্বরই ব্লক করি। সে একেকবার একেক নম্বর থেকে ফোন করে। রাস্তায় মানুষ ধরে বলে আমার স্বামীকে কল দিব। শেষ পর্যন্ত আমার মেয়েকেও ফোন করেছে। ওই নারীর দাবি, সে আমার স্ত্রী। আমার কথা হলো সে যদি আমার স্ত্রী হয় তাহলে প্রমাণ দিক।’
সাধারণ ডায়েরিতে হাসনী ওই নারীর যে মোবাইল নম্বর উল্লেখ করেছেন সেই নম্বরে কল করা হলে অপরপ্রান্ত থেকে সাড়া দেন সঞ্জয় নামে একজন ব্যক্তি।
তিনি বলেন, ‘আমি একজন বিক্রয়কর্মী। কয়েকদিন আগে রাস্তায় এক নারী অনুরোধের সুরে বলেন, উনার ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। উনার স্বামীকে কল দেওয়া দরকার। তাই ওই নারীকে কল করার জন্য মোবাইল ফোন দিয়েছিলাম। সেই নারী আমার পরিচিত কেউ নন। এরই মধ্যে পুলিশ আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছে।’