হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৩:১২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪ ১৬:০২ পিএম
শনিবার সকালে হিলি বাজার। প্রবা ফটো
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা। প্রকার ভেদে ১৩০ টাকার কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কোরবানির ঈদ উপলক্ষে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হওয়ার অজুহাতে রাতারাতি কাঁচা মরিচের দাম বৃদ্ধি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা।
শনিবার (১৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত বৃহস্পতিবার যে কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। এক দিন পর তা বিক্রি হচ্ছে খুচরা বাজারে ২০০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হওয়াতে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম, বলছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
সবজি কিনতে আসা আক্কাস আলী বলেন, এটা কোন দেশ? রাতারাতি দ্বিগুণ দাম বাড়ে? দুই দিন আগে ১৩০ টাকা কেজি কিনলাম, আর আজ ২০০ টাকা কেজি হিসেবে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কী অবস্থা হবে?
মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ঈদের জন্য ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। আর আমদানি বন্ধের কারণে বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। বর্তমান বাজারে দেশি কাঁচা মরিচ। আমরা ১৬০ থেকে ১৭০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। আশা করছি ঈদের পর আমদানি-রপ্তানি শুরু হলে কাঁচামরিচের দাম কমে যাবে।