পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২১:৫৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ২২:০৬ পিএম
পটুয়াখালীর বাউফলে আলাউদ্দিন মৃধা নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বাউফল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাউফল নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকায় মঙ্গলবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
এজাহারের বরাতে তিনি জানান, বিদ্যুৎ অফিসের কর্মীরা সকালে বিদ্যুৎ সরবরাহ তারের ওপর পড়ে থাকা গাছের ডাল কেটে ফেলে রাখে। কেটে ফেলা ওই ডালপালা নেওয়াকে কেন্দ্র করে বিকাল সোয়া চারটার দিকে মিনু নামে প্রতিবেশী এক নারীর সঙ্গে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনুকে তিনি ধাক্কা দেন। তখন মিনু হাতে থাকা দা দিয়ে আলাউদ্দিন মৃধার মাথায় কোপ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নূরজাহান বলেন, ‘মাথায় একটি কোপ রয়েছে। মাথার হাড়ও কেটেছে। তিনি (আলাউদ্দিন) বয়স্ক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে মিনুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গ্রেপ্তার ব্যক্তি কদম আলী হলেন মিনুর বাবা। তিনি বলেন, এ সম্পর্কে তিনি (কদম আলী) কিছুই জানেন না।