টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১১:৫৬ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪ ১৩:১১ পিএম
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকা থেকে। প্রবা ফটো
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষজন। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া সেতুর ওপর গাড়ি বিকল হওয়াসহ রাতে একাধিকবার বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকার কারণে সেতু পূর্ব এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শনিবার (১৫ জুন) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর উপজেলার সল্লা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মহাসড়ক ঘুরে দেখা যায়, অনেকেই যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকের ছাদে ও পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন।
ট্রাকচালক জমির উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওনা করেছি আজ শনিবার সকালে টাঙ্গাইলের সল্লা এলাকাতে এসে পৌঁছেছি। চট্টগ্রাম থেকে টাঙ্গাইলে আসতে সময় লাগে এক দিন। সেখানে যানজটের কারণে তিন দিন সময় লাগল। বঙ্গবন্ধু সেতু যেতে যে কতক্ষণ লাগবে বলতে পারছি না। খাওয়া দাওয়া নাই অনেক কষ্ট হচ্ছে।
পোশাক শ্রমিক সায়েম মিয়া বলেন, সকাল ৬টায় গাজীপুর থেকে রওনা দিয়েছি এলেঙ্গায় পৌঁছেছি ৩ ঘণ্টায়। সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু যেতে যে কতক্ষণ সময় লাগবে জানি না। আমাদের ভোগান্তির শেষ নাই। সকাল থেকে কিছু খাই নাই অনেক কষ্ট হচ্ছে।
পুলিশ ও সেতু কর্তপক্ষ জানায়, ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও সেতুর ওপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতু পূর্ব থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।