কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৯:৩৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ২০:১০ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিদের জন্য থাকছে উন্নত মানের খাবার। ঈদের দিন সকালে বন্দিরা খাবেন মিষ্টান্ন। আর থাকছে দিনভর বিনোদনের ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৪ জুন) এসব তথ্য জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার নাশির আহমেদ।
নাশির আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। দুটি স্টাফদের ও একটি বন্দিদের। বন্দিদের ঈদজামাত অনুষ্ঠিত হবে কারাগারের ভেতরের ময়দানে। এ ছাড়া বন্দিদের জন্য থাকছে বরাবরের মতো এবারও বিশেষ খাবার। স্বজনরা কারাগারে এসে বন্দিদের সঙ্গে নিয়ম অনুযায়ী সাক্ষাৎ করতে পারবেন। বাসা থেকে খাবারও দিতে পারবেন।
বন্দিদের জন্য থাকছে দিনভর বিনোদনের ব্যবস্থা। নামাজের পরপরই সকালের দিকে বন্দিদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হবে। বিকালে বন্দিদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৮ হাজার ৩০০ বন্দির জন্য বিশেষ খাবার রান্না করা হবে। সকালে মিষ্টান্ন দিয়ে ঈদ উদযাপন করবেন বন্দিরা। নাশতায় থাকবে মুড়ি ও পায়েস। এ ছাড়া দুপুরে থাকবে পোলাও, গরুর গোস্ত, মুরগির ঝালফ্রাই ও হিন্দুদের জন্য খাসি। পাশাপাশি কোমল পানীয়, মিষ্টি, লেবু, শসা ও পান-সুপারি। রাতে বন্দিরা খাবেন সাদা ভাত, রুই মাছ ও ছোলার ডাল।