নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২১:২৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ২১:৪১ পিএম
অলঙ্করণ: প্রবা
নরসিংদীর বেলাবো উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর কিশোরীর বাবা মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলাবো থানায় মামলা করেছেন। পুলিশ তিনজনকে গেফতারও করেছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের পাহাড়কান্দি গ্রামের জুয়েনা আক্তার, তার স্বামী খোরশেদ আলম ও মোসলেম মিয়ার ছেলে মোহাম্মদ আলী।
মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার সকালে এই কিশোরী কিশোরগঞ্জের বান্ধবীর কাছ থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসের মধ্যে জুয়েনার সঙ্গে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে জুয়েনা কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে উপজেলার নারায়ণপুর এলাকায় ভাড়া বাসায় নিয়ে যান। কিশোরীকে খাবার খাইয়ে বিশ্রাম নিতে বলে বাইরে যান জুয়েনা ও খোরশেদ মিয়া। বিকাল ৪টার দিকে মোহাম্মদ আলী ও একই গ্রামের সাদেক মিয়ার ছেলে সোহরাব হেসেন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তারা কিশোরীকে উপর্যুপরি ধর্ষণ করে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়।
খোরশেদ ও জুয়েনা ঘটনাটি কাউকে না বলার জন্য কিশোরীকে শাসান বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। তবু কিশোরী স্থানীয়দের ঘটনা জানিয়ে বিচার দাবি করেন। এ সময় স্থানীয়রা খোরশেদ ও জুয়েনাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ মোহাম্মদ আলীকেও গ্রেফতার করে।
কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার মেয়ের সর্বনাশ যারা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।