ঈদযাত্রা
সাভার প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৬:৩৫ পিএম
শুক্রবার দুপুরে মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর অংশের চিত্র
ঈদুল আজহার টানা ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছাড়ছে লাখ লাখ ঘরমুখো মানুষ। আজ ছুটির প্রথম দিনেই বাস কাউন্টারে ভীড় বেড়েছে কয়েকগুণ। যাত্রীদের চাপ সামাল দিতে বেড়েছে গণপরিবহন সংখ্যাও। যার ফলে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্ট যানজটে ধীরগতিতে চলছে যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি যানজট নিরসনে তৎপর তারা।
শুক্রবার (১৪ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর ৫ কিলোমিটার ও বিশমাইল থেকে নয়ারহাট পর্যন্ত ৬ কিলোমিটার যানবাহনের ধীরগতি দেখা গেছে।
আসাদ পরিবহনের চালক আলমগীর বলেন, গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাড়ইপাড়া আসতে সময় লেগেছে চার ঘণ্টা। যেখানে অন্য সময়ে আসতে সময় লাগে ত্রিশ মিনিট। কিছু কিছু বাস যেখানে সেখানে দাড়িয়ে যাত্রী উঠানোয় গাড়ির গতি কমে যাচ্ছে। এছাড়া প্রতিটা পয়েন্টে পয়েন্ট ট্রাক পার্কিং করে যাত্রী উঠাচ্ছেন। ফলে গাড়ি স্বাভাবিক গতিতে চালানো যাচ্ছে না।
মনির হোসেন নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, সকাল ১০টার বাস দুপুর ১টাও এসে পৌঁছায়নি। সড়কে যানজট থাকায় কখন বাড়ি পৌঁছাবো তা নিয়ে দুশ্চিন্তা আছি। গাড়ির সুপারভাইজারকে ফোন দিলেই বলছে জ্যামে পড়েছে গাড়ি।
সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বলেন, সকাল থেকে মানুষের চাপ বেড়েছে। এছাড়া কিছু বাস সড়কের উপর দাড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে করে পিছনের গাড়ির গতি কমছে। তবে ভোগান্তি ছাড়াই যাতে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে কাজ করছে পুলিশ।