ভোলা সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৩:৩০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১৪:০৪ পিএম
হরতাল চলাকালে বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘোষণা দেয়া হয় দলটির পক্ষ থেকে।
এ সময় দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।’
জ্বালানি সাশ্রয়ে সরকার দেশজুড়ে যে লোডশেডিং করছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে রোববার ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যু হয়। অন্তত ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর ছিলেন নুরে আলম।
আহত নুরে পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছাত্রদল সভাপতির মৃত্যুর পর তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোককে শক্তিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হরতালের ডাক দেন তারা।
এই হরতাল সফল করতে বুধবারই মাঠে নামেন বিএনপির নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান।
বৃহস্পতিবার ভোর থেকে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে মিছিল করতে থাকেন। হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ থাকে। বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়। তবে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকে।
এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল ভোলা এসে পৌঁছে। তারা স্থানীয়দের কাছ থেকে গেল রোববারের ঘটনা শোনেন। পরে তারা জেলা বিএনপির অফিসে প্রেস ব্রিফিং করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, শামসুজ্জামান দুুদু, জয়নুল আবেদীনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে স্বেচ্ছাসেবক কর্মী রহিম এবং ছাত্রদল সভাপতি নুরকে হত্যা করেছে। বিএনপিসহ দেশবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে।’
এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘লাশের রাজনীতি বিএনপি করে না। আওয়ামী লীগ বলে আগস্ট মাস শোকের মাস। অথচ তারা ভোলায় দুটো তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।’