কক্সবাজার অফিস
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৬:০৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১৭:০৮ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্রসৈকতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (১৪ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়াপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার দুপুরে জোয়ারের সময় সৈকতে একটি মরদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মৃতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ‘কয়েকদিন আগেও টেকনাফ সৈকত ও নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে অজ্ঞাত দুইটি মৃতদেহ ভেসে আসে। ওই মরদেহগুলো শরীর ও চেহারার অবয়ব দেখে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হয়।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, দুপুরে টেকনাফের নোয়াখালিয়াপাড়া সংলগ্ন সৈকতে একটি ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।