মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৪:৩০ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। প্রবা ফটো
পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। এই সংগঠনের স্বপ্নপূরণ প্রকল্পের আওতায় বলেশ্বর নদীর পাড়ের জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের এবং ১৮১ নম্বর উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ জুন) খেজুরবাড়িয়া বলেশ্বর নদীর পাড়ে কাটাখাল নামক স্থানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবীরা। অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা উপকরণের মধ্যে ছিল খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
১৮১ নম্বর উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল ও অজয় বলেন, আমাদের ঘর ঘূর্ণিঝড় রেমালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বই খাতা ভিজে গেছে। এখন খাতা কলম পেয়েছি অনেক ভালো লাগছে। বাবা নদীতে মাছ ধরেন আমাদের লেখাপড়া করার তো অনেক কষ্ট হয়। সংগঠনটি আমাদের পাশে সব সময় পাশে থাকেন।
মিঠাখালি পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বলেন, ‘আমি সকাল বেলা মাছ কিনতে এসে দেখি হাতেখড়ি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করছে। তাদের এই উদ্যোগ সত্যিই ভালো লাগার একটা বিষয়। তাদের এই উদ্যোগে শিশুরা বিদ্যালয়মুখী হবে।’
হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘৬ বছর ধরে এই সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মা-বাবাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছে হাতেখড়ি ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত শিশুরা যেন লেখাপড়া করে শিক্ষিত হয়ে সমাজের মূল ধারায় ফিরতে পারে এজন্য আজকে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। ওয়েলবিং ফাউন্ডেশন মানবিক পাঠশালাসহ অনেকেই আমাদের এই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবিদ হাসন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মো. আসাদুল্লাহ, মো. নাজমুল, মো. জিয়া প্রমুখ।