নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১১:১১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:৩০ এএম
শিক্ষক মাহাবুব রহমান। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রাইভেট পড়তে আসা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহাবুব রহমান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সজলকান্তি দাশ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, উপজেলার রসুল্লাবাদের শিক্ষক মাহাবুব রহমান একটি ঘরে সকাল-বিকাল ছাত্রছাত্রীদের নিয়মিত প্রাইভেট পড়ান। ১০ জুন সকালে রসুল্লাবাদের সপ্তম শ্রেণির ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যায়। ওইদিন বৃষ্টির কারণে অন্য শিক্ষার্থীরা না আসায় শিক্ষক মাহাবুব ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রী চিৎকার শুরু করলে মাহাবুব পালিয়ে যান।
সজলকান্তি দাশ বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার মামলা করার পর অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।