খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:০৮ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ২২:১৩ পিএম
খাগড়াছড়ির রামগড়ে দুর্বৃত্তের হাতে আবু মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে সকালে মরদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ। এর আগে গত বুধবার বিকালের পর থেকে তিনি নিঁখোজ ছিলেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত আছেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। বুধবার দুপুরে এক আনসার কর্মীর সঙ্গে দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশেপাশে খোঁজ নিয়ে তাকে না পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাগান তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়। মরদেহের পাশে রড এবং কাটিং প্লাস পাওয়া গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম ফয়সলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ‘শ্রমিক মার্ডার হয়েছেন’ বলে সংযোগটি কেটে দেন। এরপর তাকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের মাথার বামপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।