× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে ইউপি চেয়ারম্যানকে মারপিট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৯:৫৬ পিএম

 বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় ঢাকা-বনপাড়া মহাসড়ক অবরোধ করা হয়। প্রবা ফটো

বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় ঢাকা-বনপাড়া মহাসড়ক অবরোধ করা হয়। প্রবা ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট এবং কার্যালয় ভাংচুরের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে চেয়ারম্যানের সমর্থকরা।

ঘটনার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে বনপাড়ায় ঢাকা-বনপাড়া মহাসড়ক অবরোধ করে তারা। পরে পুলিশের হস্তক্ষেপে ৪০ মিনিট পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থ ও গরীব জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত চালের ভাগ না দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ার কয়েকজন অনুসারী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে চালের জন্য ২২৪৯ জনের নামের তালিকা তৈরি করা হয়। আমি বৃহস্পতিবার সকালে কার্যালয়ে প্রবেশ করলে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী পরিচয় দিয়ে আতিক মাস্টার, সিরাজ, রানা, ওয়াজেদ আলী, আরিফ, জীবন গাজী, ইমরান, রাজীব সহ ১৫/১৬ জন আমাকে বলেন, দুস্থ ও গরীবদের চালের মোট অংশের অর্ধেক ভাগ এমপিকে দিতে হবে। তাদের এমন দাবি আমি মেনে না নিলে তারা আমাকে মারপিট করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে। পরে আমার চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।’

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, ‘সংসদ অধিবেশন চলছে। আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমার জানা নেই।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানান, সকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে চেয়ারম্যানের অনুসারীরা। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা