× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপাসিয়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১১:৫৭ এএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১৮:১২ পিএম

গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর করে দণ্ডিত আসামি আমান উল্লাহকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পাঠানো হবে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোররাতে টোক ইউনিয়নের বীর উজলী নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার এমএ জলিল কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার উজলী গ্রামের মোহর আলী বেপারির ছেলে। তার সহযোগী ফাইজ উদ্দিন একই গ্রামের আব্দুছ ছোবহানের ছেলে। 

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া দণ্ডিত আসামি আমান উল্লাহ গ্রেপ্তার চেয়ারম্যান জলিলের ভাতিজা এবং আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে আমান উল্লাহ পলাতক রয়েছেন।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর এবং ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার অভিযোগে টোক ইউনিয়নের চেয়ারম্যান এমএ জলিলসহ ২৩ জনের নামে পুলিশ মামলা করে। ওই মামলায় তাকেসহ তার এক সহযোগীকে ভোররাতে গ্রেপ্তার করা হয়।

কাপাসিয়া থানার টোক পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুতফুল রহমান বাদী হয়ে এ মামলা করেন। টোক ইউনিয়নের উজলী দিঘির বাজারে পশুর হাট নিয়ে দ্বন্দ্ব নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ কনস্টেবল লাঞ্ছিত হওয়ার ঘটনায় এ মামলা করেন।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান জানান, বুধবার (১২ জুন) বিকালে কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজারে ইজারা না নিয়ে গরুর হাট বসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইজারাদারকে ওই হাট সরিয়ে নিতে বলেন। বাজার সরিয়ে না নেওয়ায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমান উল্লাহকে দণ্ড দেয়। পরে পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় টোক ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ জলিলসহ তার লোকজন পুলিশকে মারধর করে বাজারের ইজারাদার আসামি আমান উল্লাহকে ছিনিয়ে নেয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম লুৎফর রহমান বলেন, ইজারা না নিয়ে বাজার বসানোয় উজলী দিঘিরপাড় বাজারের ইজারাদার আমান উল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই ঘটনায় এমএ জলিল চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা