চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:৫৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৭:৫৮ পিএম
সমুদ্রগামী শততম বাণিজ্যিক জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের এমভি জাহান-১ নামের একটি জাহাজ রেজিস্ট্রেশনের মধ্যদিয়ে এই মাইলফলক অর্জিত হয়েছে। এতে সামুদ্রিক বাণিজ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের নৌবাণিজ্য খাত।
এ সম্পর্কে জানতে চাইলে নৌবাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, ‘এমভি জাহান-১ জাহাজটির রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যদিয়ে শততম সমুদ্রগামী জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ‘একশতম জাহাজ হওয়া নিয়ে আসলে গৌরবের কিছু নেই। আজকে যেটি ১০০তম জাহাজ হিসেবে আছে, কিছুদিন পর দুটি জাহাজ স্ক্র্যাপ করা হলে সেটি নেমে কমে যাবে। তবে এটি আমাদের জন্য গৌরবের। আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে এখন আমাদের ১০০টি বাণিজ্যিক জাহাজ আছে। কয়েকদিনের মধ্যে এই সংখ্যাটা আরও বাড়বে। মেঘনা সেঞ্চুরি নামে আরও একটি জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। জাহাজটি এখনও বাংলাদেশে আসেনি।
২৫টি বাণিজ্যিক জাহাজ নিয়ে এই খাতে সবার শীর্ষে রয়েছে কেএসআরএমর মালিকানাধীন এসআর শিপিং। বাকি জাহাজগুলোর মধ্যে মেঘনা গ্রুপ ২৪টি সমুদ্রগামী জাহাজের মালিক। ১০টি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ, ৯টি কন্টেইনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে এইচআর লাইন আর ৭টি জাহাজ নিয়ে ৫ম অবস্থান বাংলাদেশ শিপিং করপোরেশন।
নৌবাণিজ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজেদের কেনা জাহাজ রেজিস্ট্রেশন করে শততম সমুদ্রগামী জাহাজের মাইলফলক গড়ে ইতিহাসের অংশ হতে চেয়েছিল দেশের শীর্ষ দুটি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি নিউ চ্যাম্প জাহাজটি কিনে শততম জাহাজ হিসেবে নিবন্ধন করাতে চেয়েছিল মেঘনা গ্রুপ। অন্যদিকে পানামার পতাকাবাহী নর্ড প্যাসিফিক জাহাজটি কিনে শততম জাহাজের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়তে চেয়েছিল কেএসআরএম গ্রুপ। দুটি প্রতিষ্ঠান একই সময়ে জাহাজ নিবন্ধনের জন্য আবেদন করলেও মেঘনা গ্রুপের জাহাজটি দেশে না আসায় শততম জাহাজের নিবন্ধন পেয়েছে এসআর শিপিংয়ের এমভি জাহান-১।
কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এমভি জাহান-১ বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ বহরের শততম জাহাজ হিসেবে নিবন্ধিত হওয়ায় আমরা গর্বিত। এর মধ্যদিয়ে ইতিহাসের অংশ হয়ে গেল এসআর শিপিং।
জাহাজটির বিষয়ে তিনি বলেন, ২০১৮ সালে নির্মিত এমভি জাহান-১ জাহাজটির ধারণক্ষমতা ৬১ হাজার ২২১ ডিডব্লিউটি। এর আগে জাহাজটি পানামার পতাকাবাহী ছিল। এর আগে জাহাজটির নাম ছিল নর্ড প্যাসিফিক। জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দর থেকে ৫৯ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। জাহাজটি ইনসপেকশন করে নিবন্ধন নিশ্চিত করে নৌবাণিজ্য অধিদপ্তর।