× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

ভোলা সংবাদদাতা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১২:১৯ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১২:৪৮ পিএম

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় বুধবার (৩ আগস্ট) হরতালের ডাক দেয় দলটি।   

হরতাল সফল করতে বৃহস্পতিবার ভোর থেকে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে মিছিল করেছেন। হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচলও কম দেখা গেছে। সীমিত আকারে যানবাহন চলাচল করছে। লঞ্চ ও ফেরি চলাচল রয়েছে স্বাভাবিক।  

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, ‘বৃহস্পতিবার রাতেই আমাদের হরতাল পণ্ড করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। কিন্তু নেতাকর্মীরা নিরাপদ স্থানে ছিল। সকাল থেকে প্রশাসনের ভয় উপেক্ষা করে সবাই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ আমাদের হরতালে সমর্থন দিয়েছে। তারা যানবাহন-দোকানপাট বন্ধ রেখেছে। ভোলায় সফলভাবে হরতাল পালিত হচ্ছে।’ 

তিনি জানান, সড়কপথে নূরে আলমের মরদেহ ভোলায় এসে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। দ্বিতীয় জানাজার পর ধারণা করা হচ্ছে, বিকেল ৫টা নাগাদ তার দাফন সম্পন্ন হবে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, ‘শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’ 

তিনি দাবি করেন, ‘হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি শহরে। মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। ভোর হওয়ায় দোকানপাট এখনও খোলার সময় আসেনি। যানবাহন স্বভাবিকভাবেই চলাচল করছে।’

জ্বালানি সাশ্রয়ে সরকার দেশজুড়ে যে লোডশেডিং করছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে রোববার ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যু হয়। অন্তত ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর ছিলেন নুরে আলম।

আহত নুরে আলমকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে।

অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ছাত্রদল সভাপতির মৃত্যুর পর তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোককে শক্তিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

/ম.ই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা