কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪ ২৩:৩৪ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ২৩:৩৯ পিএম
ঢাকার কেরানীগঞ্জে প্রায় দেড় হাজার বোতল ফেন্সিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং মোটর সাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ র্যাব-১০ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি বলেন, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, কিছু মাদক কারবারি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশি মদসহ মাদকের বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকারযোগে সরবরাহ করে আসছে।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার সহযোগীদের নিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় মজুদ করেছে।
ওই তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল সোমবার (১০ জুন) দিবাগত রাত ৮টার দিকে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন, মাদক ডিলার শেখ শফিজুল ইসলাম ও মো. মাসুদ রানা।