খুলনা অফিস
প্রকাশ : ১০ জুন ২০২৪ ২০:২৩ পিএম
নির্দেশনা অমান্য করে পশুর হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
সোমবার (১০ জুন) দুপুরে নগরীর জোড়াগেট বাজার চত্বরে পশুর হাটের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, ‘কেসিসি এলাকায় যেখানে-সেখানে অনুমোদনবিহীন কোরবানির পশুর হাট পরিচালনা করা যাবে না। কেউ নির্দেশনা অমান্য করে পশুর হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাট পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত হাসিলের বাইরে কোনো টাকা আদায় করা যাবে না।’
নগরীর জোড়াগেট বাজার পশুর হাট দক্ষিণাঞ্চলসহ খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী উল্লেখ করে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছে কেসিসি। এ অঞ্চলের জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। সড়কপথের পাশাপাশি নৌপথেও হাটে পশু আনার সুবিধা রয়েছে। হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।’
প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম রফিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মো. মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সানজিদা বেগম বক্তব্য দেন।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, কেসিসির বাজার স্থায়ী কমিটির সভাপতি শেখ হাসান ইফতেখার, প্যানেল মেয়র এসএম খুরশিদ আহম্মেদ টোনা, মেমরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচলনা কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মুন্নাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।