রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ২০:০৯ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খালে পানির স্রোতে ভেসে গেছেন বৃদ্ধা রোকেয়া বেগম ও তার আট বছর বয়সী নাতি মোহাম্মদ ইসমাঈল।
সোমবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্ক খালে এই ঘটনা ঘটে।
নিখোঁজের পর থেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার হয়নি নিখোঁজ নানী-নাতি।
স্থানীয় সুত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের অপর পাড়ে খীলাটিলা নামক জায়গায় রোকেয়া বেগমের খামার রয়েছে। সেখানে থাকা তার গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তার এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন। পথে তীব্র বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক্কা খাল পায়ে হেটে পাড় হওয়ার চেষ্টা করেন তারা। এ সময় বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তারা তিনজনেই। একজন কোনরকম উঠে আসতে পারলেও নানী-নাতি স্রোতের টানে ভেসে যান। নিখোঁজের পর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। রাঙামাটি থেকে দুইজন ডুবুরি আনা হয়েছে। তারাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। সম্ভাব্য শিয়ালবুক্কা খালের সঙ্গে সংযুক্ত ইছামতী নদীর পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।