কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ১২:০৬ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় সম্প্রতি দুটি দুর্ঘটনায় এর নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রবা ফটো
পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে আকাশে উড়ে পাহাড় ও সাগরের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে প্যারাসেইলিং করেন এখানে ছুটে আসা হাজারো ভ্রমণপিপাসু। কিন্তু এই প্যারাসেইলিং করতে গিয়ে অনেকেই জীবনের ঝুঁকিতে পড়ছেন।কারণ যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ। যারা মানছে না প্রশাসনের নির্দেশনা ও শর্ত।
সোমবার (১০ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। এর আগে প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার এবং নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে ‘রোমাঞ্চের স্বাদ নিতে গিয়ে জীবনের ঝুঁকি’ শিরোনামে গত ৮ জুন দৈনিক প্রতিদিনের বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, ‘রোমাঞ্চের স্বাদ নিতে গিয়ে জীবনের ঝুঁকি’ শিরোনামে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদনটি আমাদের নজরে আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, ব্যবহৃত সরঞ্জামাদি যাচাই বাছাই, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, টেকনিক্যাল টিম কর্তৃক মুল্যায়ন সাপেক্ষে পরে পুনরায় চালু করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌ বাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনার দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। যারা প্রশিক্ষণে মূল্যায়ন হবে তাদেরকেই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে। একইসঙ্গে প্রতিমাসেই এই মূল্যায়ন কার্যক্রম চলবে।