সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ০০:৪৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৪ ০০:৫৮ এএম
রবিবার সিদ্ধিরগঞ্জে চারটি মেটাল ফুড র্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি মেটাল ফুড র্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত জালকুড়ি উত্তরপাড়া এলাকার চারটি স্পটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে শাহী মেটাল কারখানা ও রওজা স্টিল নামের দুটি কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া চারটি কারখানা থেকে গ্যাস টানার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বুস্টার মেশিনসহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্ণার, চুলা ও কারখানার উৎপাদিত মালামাল জব্দ করা হয়। পরে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেওয়া হয়।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুশিউর রহমান ও অন্যান্য প্রকৌশলীরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে মুস্তাক মাসুদ মো. ইমরান জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কারণে অনেক কারখানা ইতোমধ্যে বন্ধ হয়েছে। তবে উত্তরপাড়া এলাকাটি নিরিবিলি ও জনবসতি কম থাকায় প্রায় ছয় মাস আগে দালাল চক্র ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ সংযোগ নিয়ে চারটি মেটাল ফুড র্যাক কারখানা গড়ে ওঠে। চারটি কারখানা এ পর্যন্ত অন্তত বিশ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে।
অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলবে বলেও জানান তিনি।