নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ২০:০৩ পিএম
নেত্রকোণায় ঘেরাও করা বাড়িটি থেকে বিদেশি পিস্তলসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী জব্দ করা হয়েছে। প্রবা ফটো
নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। শনিবার (৮ জুন) দুপুর ১টার পর সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় অবস্থিত প্রফেসর আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িটি ঘেরাও করে রাখে বাহিনীটি। পুলিশের দাবি, ঘেরাও করা বাড়িটি থেকে বিদেশি পিস্তলসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী জব্দ করা হয়েছে।
এদিন, বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটির ভেতরে ঢুকে অভিযান শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা বেশ কিছুদিন আগেই বিভিন্ন সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে, নেত্রকোণা সদরে কোথাও একটা জঙ্গি আস্তানা রয়েছে। বিষয়টি জানার পর থেকেই কাজ করে আসছিল পুলিশ। গত শুক্রবার আমরা নিশ্চিত হই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় প্রফেসর আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে এই আস্তানাটি রয়েছে।
তিনি আরও বলেন, যে ঘরটিতে অভিযান চালানো হয় সেটি সাউন্ডপ্রুফিং ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে জঙ্গিদের প্রশিক্ষণ করানো হতো। অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, জিহাদি বই ও ওয়াকিটকিসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি আনোয়ার হোসেন জানান, বাড়ির মালিক আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। দুই তিন বছর আগে বর্তমান বাসিন্দাদের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে ভাড়া নেওয়া ব্যক্তিদের এলাকার লোকজন কখনও দেখেননি। পুরো বাড়িটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।