নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৭:৩৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ১৮:২২ পিএম
শনিবার ভোরে আগুনে পুড়ে যায় নাটোর সার্কিট হাউসের ভিআইপি কক্ষটি। প্রবা ফটো
নাটোর সার্কিট হাউসের তিন তলার একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। মশার কয়েল বা সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ছাড়াও অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
শনিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে সরকারি মালামালের ক্ষয়ক্ষতি না হলেও ঠিকাদারদের মালামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। এ ছাড়া তদন্তে কারও গাফিলতি বা জড়িতের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ভোর রাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলামের ফোনে আগুন লাগার খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের দুটি ফায়ার ফাইটার ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, সংস্কার কাজের শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন নেভানোর পর ওই কক্ষে শ্রমিকদের তিনটি প্যান্ট দেখতে পান তারা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, কক্ষটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা ছিল। তারা কাজ শেষ করে আমাদের কক্ষটি এখনও বুঝিয়ে দেয়নি। আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।
নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, কক্ষটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দে ইন্টেরিয়র ডিজাইনসহ সংস্কার কাজ চলছিল। ঠিকাদারের লোকজন দিনে কাজ করে এবং রাতে দ্বিতীয় তলায় থাকে। আগুনে ভবনের বা কোনো সরকারি মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঠিকাদারের কিছু মালামাল এবং যন্ত্রপাতি পুড়ে গেছে।