সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২২:২৭ পিএম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক অনুষ্ঠানে কথা বলেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রবা ফটো
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের যে লক্ষ্য, তা বাস্তবায়নে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
শুক্রবার (৭ জুন) সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ২০২৪ সালের ১১০ জন এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাহাদারা মান্নান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের বর্তমান প্রজন্মকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে কাজ শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের এখন ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করানো হচ্ছে। সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে। সারিয়াকান্দি সোনাতলার সব শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি ভৈয়ম কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।